কুড়িগ্রামে ‘ভিশন এন্টারপ্রাইজ’ কাণ্ডে জামায়াতের স্পষ্টীকরণ: প্রতারণায় জড়িতদের সাংগঠনিক ব্যবস্থা
Md Abu Sayed
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 | সংবাদটি দেখেছেন : 22
বিরুদ্ধে
শাহজামাল শাওন, ফুলবাড়ী,
কুড়িগ্রাম প্রতিনিধি:
ব্যক্তি মালিকানাধীন ‘ভিশন এন্টারপ্রাইজ’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের ১২ কোটি টাকা আত্মসাতের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রকাশিত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটির কুড়িগ্রাম জেলা শাখা। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত প্রতিষ্ঠানের সাথে জামায়াতে ইসলামীর কোনো আনুষ্ঠানিক বা সাংগঠনিক সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মানববন্ধনে রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দেওয়া হয়েছে। কুড়িগ্রাম জেলা জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আব্দুল জলিল সরকার জানান, ভিশন এন্টারপ্রাইজ সম্পূর্ণ ব্যক্তিগত ও অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান। এতে কতিপয় দায়িত্বশীল ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে যুক্ত থাকলেও দল সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত ছিল না।
গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে নিম্নোক্ত সিদ্ধান্ত ও তথ্য তুলে ধরে সংগঠনটি:
প্রধান সমন্বয়কের পদ বাতিল: গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে প্রধান সমন্বয়ক মো: রফিকুল ইসলামকে (রাজারহাট) জামায়াতের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি এবং স্থায়ীভাবে সদস্যপদ বাতিল করা হয়েছে।
সদস্যপদ মুলতবি: প্রতিষ্ঠাতার লগ্ন থেকে যুক্ত থেকে দায়িত্ব পালনে অবহেলা ও উদাসীনতার দায়ে শাহজালাল সবুজের সদস্যপদ মুলতবিসহ পদচ্যুত করা হয়েছে।
অভিযোগ থেকে অব্যাহতি: তদন্তে অর্থ সংগ্রহের সাথে কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা না পাওয়ায় ইঞ্জিনিয়ার মো: আবদুস সালাম সুজা (ফুলবাড়ী) ও মো: রফিকুল ইসলামকে (ভোগডাঙ্গা) অভিযোগের দায় থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
জেলা জামায়াত জানায়, মানবিক দিক বিবেচনা করে তারা গ্রাহকদের টাকা ফেরত প্রদানে অভিযুক্তদের ওপর নানা কৌশল ও চাপ প্রয়োগ করেছিল। তবে লেনদেনটি সম্পূর্ণ ব্যক্তিগত পর্যায়ে হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। একই সাথে অসত্য তথ্য ছড়িয়ে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :